বিহারের ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, বিপাকে নির্বাচন কমিশন

বিহারের ভোটার তালিকার বিশেষ পরিমার্জন (SIR) নিয়ে সুপ্রিম কোর্টে চলছে তীব্র শুনানি। বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে যে, আগামী মঙ্গলবারের মধ্যে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম ও তাদের নাম বাদ পড়ার কারণ প্রকাশ করতে হবে।

শুনানির বিরতির পর বিচারপতি জয়মাল্য বাগচী কমিশনের আইনজীবীকে জিজ্ঞাসা করেন যে, বিহারে মোট কতজন ভোটার রয়েছেন এবং কতজনের নাম বাদ পড়েছে। জবাবে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, “বিহারে মোট ৭.৮৯ কোটি ভোটার আছেন, যার মধ্যে খসড়া তালিকায় ৭.২৪ কোটি ভোটারের নাম উঠেছে। মোট ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে ২২ লক্ষ মৃত।”

এরপরই সুপ্রিম কোর্ট কমিশনকে অন্তর্বর্তী নির্দেশ দেয়। এই নির্দেশ অনুযায়ী, বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম বুথ নম্বর এবং এপিক নম্বরসহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সেই তালিকায় প্রতিটি নাম বাদ পড়ার কারণও উল্লেখ করতে হবে। এই তালিকা প্রত্যেক জেলাস্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এবং তাদের নিজস্ব সমাজমাধ্যম প্ল্যাটফর্মেও প্রকাশ করতে হবে।

আদালত আরও পর্যবেক্ষণ করেছে যে, যেসব ভোটাররা খসড়া তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চাইবেন, তারা আধার কার্ড ব্যবহার করে আবেদন জমা দিতে পারবেন। এর মাধ্যমে আধার কার্ডকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য একটি বৈধ নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR) নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল যে, বাদ পড়া ভোটারের নাম ও কারণ প্রকাশ করার জন্য কমিশনকে নির্দেশ দেওয়া হোক। জবাবে কমিশন একটি হলফনামায় জানিয়েছিল যে, তারা আইনতভাবে এই তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। কিন্তু এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্ট কমিশনের সেই যুক্তি খারিজ করে এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল।