ভোটার তালিকায় নাম তোলার হিড়িক, পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী অঞ্চলে

দেশজুড়ে সিএএ এবং এনআরসি নিয়ে বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া, যা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ২০২৫ (SIR) নামে পরিচিত। নির্বাচন কমিশনের নির্দেশে আগস্ট মাস থেকেই বুথ লেভেল অফিসারদের (BLO) মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। এই সংশোধনের ফলে বহু ভোটারের উপর বড়সড় প্রভাব পড়তে পারে, বিশেষ করে যাদের কাছে এখনো পর্যন্ত প্রয়োজনীয় নথি নেই।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত তিন মাসে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা পড়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চ থেকে মে মাস পর্যন্ত যেখানে মোট আবেদন ছিল ২,৩৩,১৩০টি, সেখানে জুন থেকে আগস্টের প্রথম সপ্তাহে এই সংখ্যা বেড়ে হয়েছে ১০,০৪,৬৬৬টি, যা চার গুণেরও বেশি। এর মধ্যে মোট আবেদনের প্রায় ৫৮ শতাংশ এসেছে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলি থেকে।
সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে রয়েছে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। কমিশনের এই পরিসংখ্যান কর্তাদের অবাক করেছে। নতুন নির্দেশ অনুযায়ী, যদি কোনো আবেদনকারীর বয়স ৩০ বছরের বেশি হয়, তাহলে তার আবেদনের উপর শুনানি করা বাধ্যতামূলক।
এই সংশোধন প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ? সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এখন পশ্চিমবঙ্গেও একই প্রক্রিয়া শুরু হলে, অনেকেই আশঙ্কা করছেন যে, এই সংখ্যা বিহারের থেকেও বেশি হতে পারে। কারণ, অনেক ভোটারের কাছেই প্রয়োজনীয় ডকুমেন্ট নেই এবং বহু বছর আগে যারা ঠিকানা পরিবর্তন করেছেন বা পারিবারিক সূত্রে নাম ঢুকিয়েছেন, তাদের কাছেও যথাযথ প্রমাণপত্র নেই। এই পরিস্থিতিতে তৃণমূল সরকার এই প্রক্রিয়ার সম্পূর্ণ বিরোধী। আগামী দিনে কী ঘটতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক এবং আইনী মহলে তীব্র বিতর্ক চলছে।