ভোটার তালিকা নিয়ে চাপ, চার অফিসারকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে নির্দেশ কমিশনের

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে চারজন অফিসারকে বরখাস্ত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশ দ্রুত কার্যকর করতে মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্য প্রশাসন পড়েছে চরম অস্বস্তিতে।
সূত্র অনুযায়ী, মুখ্যসচিবকে আগামী ২১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন। এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে মুখ্যসচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা বেড়েছে। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী মুখ্যসচিবকে ‘বলির পাঁঠা’ বলে মন্তব্য করেছেন।
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, “মনোজ পন্থ অত্যন্ত ভদ্র, সৎ এবং কর্মঠ একজন মানুষ। কিন্তু রাজ্য সরকারের চাপের কারণে আজ তিনি এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। রাজ্য সরকার ভালোভাবেই জানে যে নির্বাচন কমিশনের নির্দেশ মানতেই হবে।”
এদিকে, সামনে স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে প্রশাসনিক মহলে নির্দেশটি নিয়ে আলোচনার সুযোগ সীমিত। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবারই এ বিষয়ে আলোচনা হতে পারে। এরপর শুক্র ও শনিবার ছুটির দিন থাকায়, পরবর্তী পদক্ষেপ আগামী সপ্তাহেই নেওয়া হতে পারে। এই ঘটনা রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে এক নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। ভোটার তালিকা নিয়ে এই চাপানউতোর আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।