অবশেষে হাসি ফুটল কগনিজেন্টের কর্মীদের! দীর্ঘ টালবাহানার পর বেতন বাড়তে চলেছে কর্মীদের

অবশেষে তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্টের কর্মীদের মুখে হাসি ফুটল। দীর্ঘ টালবাহানার পর কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে সংস্থাটি। টিসিএস-এর পর কগনিজেন্টও তাদের প্রায় ৮০ শতাংশ কর্মীর বেতন বাড়ানোর কথা জানিয়েছে। এই বেতন বৃদ্ধি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। জুনিয়র থেকে সিনিয়র অ্যাসোসিয়েট স্তরের কর্মীরা এই সুবিধা পাবেন।

সংস্থার অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতেই এই বেতন বৃদ্ধি হবে। যাদের পারফরম্যান্স সবথেকে ভালো, তাদেরই বেতন সবচেয়ে বেশি বাড়বে। উল্লেখ্য, চলতি বছরে কগনিজেন্টের অ্যাসোসিয়েটরা বিগত আট বছরের মধ্যে সর্বোচ্চ বোনাস পেয়েছেন, যা কর্মীদের মধ্যে আরও বেশি উৎসাহ তৈরি করেছে।

এর আগে গত সপ্তাহে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) তাদের ৮০ শতাংশ কর্মীর বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল। টিসিএস-এর ক্ষেত্রেও জুনিয়র থেকে মাঝারি স্তরের কর্মীরা এই বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন, যা কার্যকর হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে। এই দুটি বড় সংস্থার বেতন বৃদ্ধির ঘোষণা তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য একটি ইতিবাচক খবর।