৭৯তম স্বাধীনতা দিবসের থিম ‘নয়া ভারত’, লালকেল্লায় ‘অপারেশন সিঁদুর’ পতাকা-সহ বিশেষ ফ্লাইপাস্ট

দেখতে দেখতে ভারতের স্বাধীনতা লাভের ৭৯তম বর্ষে পদার্পণ। প্রতি বছরের মতো এবারও দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জানা গিয়েছে, চলতি বছরের উদযাপনের থিম ‘নয়া ভারত’। এই উদযাপনে ‘অপারেশন সিঁদুর’ কর্মসূচির বিশেষ গুরুত্ব থাকছে। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইপাস্টে জাতীয় পতাকার পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’ পতাকাও উড়িয়ে নিয়ে যাওয়া হবে। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রেও এই থিমের প্রতিফলন দেখা যাবে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার যে লক্ষ্য সরকারের রয়েছে, তার প্রতিফলন ঘটবে এই বছরের থিমে। এটি একটি সমৃদ্ধ, সুরক্ষিত এবং আত্মনির্ভর ভারত গড়ার উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরবে।
উদযাপনের বিশেষ দিকগুলো
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এবারের উদযাপনে বেশ কিছু বিশেষত্ব থাকছে:
প্রধানমন্ত্রীর আগমন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় পৌঁছানোর পর তাঁকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং স্বাগত জানাবেন।
গার্ড অফ অনার: জিওসি লেফটেন্যান্ট জেনারেল ভবনীশ কুমার প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার পরিদর্শন এবং স্যালুটিং বেসে নিয়ে যাবেন। এই গার্ড অফ অনারে ৯৬ জন কর্মী থাকবেন, যার মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং দিল্লি পুলিশের ২৪ জন করে সদস্য থাকবেন। উইং কমান্ডার এএস সেখন এর নেতৃত্ব দেবেন।
তোপধ্বনি ও পতাকা উত্তোলন: প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের সময় ১৭২১ ফিল্ড ব্যাটারি (অনুষ্ঠানিক) থেকে দেশীয় ১০৫ মিমি লাইট ফিল্ড গান ব্যবহার করে ২১টি তোপধ্বনি দেওয়া হবে। ফাইং অফিসার রাশিকা শর্মা এতে সহায়তা করবেন।
বিমান বাহিনীর ভূমিকা: এই বছরের অনুষ্ঠানের সমন্বয়কারী বাহিনী হল ভারতীয় বিমান বাহিনী। তাদের দুটি এমআই-১৭ হেলিকপ্টার জাতীয় পতাকা এবং ‘অপারেশন সিঁদুর’ পতাকা বহন করবে। উইং কমান্ডার বিনয় পুনিয়া এবং আদিত্য জয়সওয়ালের নেতৃত্বে এই হেলিকপ্টার দুটি পতাকা উত্তোলনের সময় অনুষ্ঠানস্থলে ফুলের পাপড়ি বর্ষণ করবে।
অগ্নিবীরদের অংশগ্রহণ: জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেবে বিমান বাহিনীর ব্যান্ড, যার নেতৃত্বে থাকবেন জুনিয়র ওয়ারেন্ট অফিসার এম ডেকার। এই ব্যান্ডে প্রথমবারের মতো ১১ জন অগ্নিবীর ‘বায়ু মিউজিশিয়ান’ হিসেবে অংশ নেবেন।