BigNews: স্থলপথে আরও একগুচ্ছ পণ্যে নিষেধাজ্ঞা, ভারতের পদক্ষেপে ঘুম উড়ছে বাংলাদেশের

বাংলাদেশের (Bangladesh) সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ফের নতুন জটিলতা তৈরি হয়েছে। ভারত সরকার স্থলপথে প্রতিবেশী দেশটি থেকে বেশ কিছু পণ্য আমদানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাট এবং পাটজাত পণ্য, যেমন বস্তা, দড়ি, ব্যাগ, ব্লিচ করা বা না করা চটে বোনা কাপড়ের মতো পণ্যগুলি এখন থেকে স্থলপথে আর ভারতে প্রবেশ করতে পারবে না। এই পণ্যগুলি শুধুমাত্র নভি মুম্বইয়ের নবসেবা সমুদ্রবন্দর দিয়েই আমদানি করা যাবে।

এর আগেও ভারত সরকার বাংলাদেশি পণ্যের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল। গত এপ্রিল মাসে ভারত শুল্ককেন্দ্র ব্যবহার করে অপর কোনো দেশে পণ্য রপ্তানি করার ‘ট্রান্সশিপমেন্ট’ সুবিধা বন্ধ করে দেয়। মে মাসে ফল, তুলো, সুতির পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক ও পিভিসি-জাতীয় পণ্য স্থলপথে আমদানি করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি হয়। এরপর গত জুনে পাট ও শণজাতীয় পণ্য আমদানির ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আসে।

বিশেষজ্ঞদের মতে, এই কড়া পদক্ষেপের পেছনে কিছু রাজনৈতিক কারণও থাকতে পারে। চিন সফরে গিয়ে নোবেলজয়ী মহম্মদ ইউনূসের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে উসকানিমূলক মন্তব্য করার পরেই ভারত সরকার বাংলাদেশের প্রতি কঠোর অবস্থান নেয়। নতুন নিষেধাজ্ঞার ফলে বেনাপোল, বাংলাবান্ধা, সোনামসজিদ, বুড়িমারির মতো স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কার্যত বন্ধ হয়ে গেল। অসম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ির মতো শুল্ককেন্দ্র দিয়েও এই পণ্যগুলি আর ভারতে ঢুকতে পারবে না। এই ধরনের লাগাতার পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।