‘ভুয়ো ভোটার দিয়ে জিতছেন অভিষেক?’ – ডায়মন্ড হারবারে ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন অনুরাগ ঠাকুরের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নিয়ে বিরোধীরা যখন নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির ওপর চাপ বাড়াচ্ছে, ঠিক সেই সময়েই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। সাংবাদিক বৈঠক করে অনুরাগ ঠাকুর দাবি করেছেন যে, অভিষেকের কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি হয়েছে।
অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, “ডায়মন্ড হারবারের অনেক বুথে গত চার বছরে ১৫ শতাংশ পর্যন্ত ভোটার বৃদ্ধি হয়েছে। ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা এবং বজবজের মতো বিধানসভা কেন্দ্রগুলির পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “ডায়মন্ড হারবারে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত ৪ বছরে। সব জায়গায় তৃণমূল জিতেছে। তাহলে কি ভুয়ো ভোটার দিয়েই আপনি ভোটে জিতছেন?”
প্রসঙ্গত, এখনও বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি। কিন্তু তার আগেই বিজেপির এই চাঞ্চল্যকর অভিযোগ রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
বিজেপির এই অভিযোগের জবাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা তোপ দেগেছেন। তিনি বলেন, “দিল্লির যে বিধানসভা কেন্দ্রে ২৬ হাজার ভোটার বেড়েছে, যেখানে অরবিন্দ কেজরিওয়াল ৪ হাজার ভোটে হেরেছেন, সেখানে বিজেপির সাংসদদের বাংলোর ঠিকানায় আড়াইশো জন করে নাম উঠেছে শেষ এক মাস-দেড় মাসে।” তিনি আরও বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে কখনও এক মাস-দু’মাসে নাম ওঠেনি। এটা একটা চলমান প্রক্রিয়া, পাঁচ বছর ধরে নাম ওঠে।” অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “নাচতে না জানলে তো উঠোন ব্যাঁকাই হবে। ওরা এত বড় বড় কথা বলছে, কিন্তু কটা বুথে রিভিউ চেয়েছে? শুধু হাওয়ায় কথা ভাসিয়ে দেওয়া হচ্ছে, কারণ নিজেদের চুরি ধরা পড়ে গিয়েছে।”
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ১০ লক্ষেরও বেশি ভোট পেয়ে ৭ লক্ষের বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই নতুন অভিযোগের পর ডায়মন্ড হারবারের ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।