ভারতকে জন্মেও না ভোলার মতো শিক্ষা দেওয়ার হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী! বললেন….

ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে তীব্র হুমকি দিয়েছেন। সিন্ধুর জলকে পাকিস্তানের ‘রক্ত’ বলে উল্লেখ করে তিনি বলেছেন, পাকিস্তান তার প্রাপ্য জলের এক বিন্দুও ভারতকে নিতে দেবে না এবং জল আটকানোর চেষ্টা করলে পাকিস্তান এমন শিক্ষা দেবে যা ভারত ভুলতে পারবে না।
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসলামাবাদে একটি অনুষ্ঠানে বলেন, “আমি শত্রুদের বলতে চাই, যদি আমাদের জল আটকে রাখার হুমকি দেন, তবে মনে রাখবেন পাকিস্তান থেকে এক বিন্দু জলও কেড়ে নিতে পারবেন না। আমাদের জল বন্ধ করার চেষ্টা করলে, পাকিস্তান এমন শিক্ষা দেবে যা জন্মেও ভুলতে পারবেন না।” তিনি জোর দিয়ে বলেন, সিন্ধুর জল নিয়ে কোনো ধরনের সমঝোতা করা হবে না।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর মে মাসে ভারত সিন্ধু নদের জল বন্ধ করে দেয়। এরপর পাকিস্তান একাধিকবার ভারতকে সিন্ধুর জল ছাড়ার অনুরোধ করে। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, “রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না।” যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন সিন্ধুর এক বিন্দু জলও দেওয়া হবে না।
চলতি সপ্তাহের সোমবারই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছিল সিন্ধু জলচুক্তি ফের চালু করতে। পাক নেতা বিলাওয়াল ভুট্টোও ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করেছে এবং সমস্ত পাকিস্তানিকে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে একজোট হতে আহ্বান জানান।
এর আগে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরও ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, “সিন্ধু নদের উপরে ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করব আমরা, আর যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা ১০টা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়… আমাদের মিসাইলের অভাব নেই।”
পাক প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের এই ধরনের হুমকির পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের পক্ষ থেকে এই হুমকির কী প্রতিক্রিয়া আসে।