বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী! লিখলেন, “বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল”

টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার রাতে উত্তর কলকাতার নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বাংলা শিল্প ও বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”

গত ১০ মাস আগে বাসন্তী চট্টোপাধ্যায় মারণরোগ ক্যানসার এবং কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও নিয়মিত চিকিৎসা চলছিল। কাজের প্রতি তাঁর ভালোবাসা এতটাই ছিল যে অসুস্থতা সত্ত্বেও তিনি স্টার জলসার ‘গীতা এল এল বি’ সিরিয়ালের শুটিং করছিলেন। কিন্তু মঙ্গলবার হঠাৎই তাঁর জীবনাবসান হয়।

তাঁর অসুস্থতার কথা বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন। বাসন্তী দেবীর মৃত্যুর খবরে ভাস্বর চট্টোপাধ্যায়ও গভীর শোকাহত।

বাসন্তী চট্টোপাধ্যায় শুধু সিরিয়াল নয়, বাংলা সিনেমার জগতেও তাঁর অবদান রেখে গেছেন। কালজয়ী ছবি ‘ঠগিনী’ এবং ‘আমি সে ও সখা’-তে তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তাঁর প্রয়াণে গোটা টলিউড ইন্ডাস্ট্রি একজন বড় মাপের শিল্পীকে হারালো।