হাড়হিম কাণ্ড! রক্তাক্ত গোটা রেস্তোরাঁ, জন্মদিন পালন করতে গিয়ে প্রাণ গেল যুবকের, কি ঘটেছিল?

জন্মদিনের আনন্দঘন মুহূর্ত এক ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী হলো পুদুচেরিতে। একটি রেস্টোবারে জন্মদিন উদযাপনের সময় তুচ্ছ বিবাদের জেরে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার ভোররাতে পুদুচেরির একটি জনপ্রিয় রেস্টোবারে ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রেস্টোবারের কয়েকজন কর্মীকে আটক করেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিহত ছাত্রের নাম শাজান, তিনি চেন্নাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিজের জন্মদিন উদযাপনের জন্য তিনি প্রায় দশজন বন্ধুকে নিয়ে পুদুচেরির ‘ওএমজি’ (OMG) রেস্টোবারে একটি পার্টির আয়োজন করেন।

পুলিশ জানিয়েছে, রাতে কোনো এক সময় রেস্টোবার কর্মীদের সঙ্গে ছাত্রদের কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত উত্তপ্ত বিতর্কে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে বাউন্সাররা ছাত্রদের রেস্টোবার থেকে বাইরে বের করে দেন। কিন্তু বাইরে আবারও ছাত্রদের সঙ্গে কর্মীদের সংঘর্ষ শুরু হয়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সংঘর্ষ চলাকালীন রেস্টোবারের সার্ভিস ক্যাপ্টেন রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে দুই ছাত্রকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ২৩ বছর বয়সী ছাত্র মসিক, যিনি শিবগঙ্গা জেলার বাসিন্দা এবং চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ঘটনাস্থলেই মারা যান। অপর এক ছাত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ রেস্টোবারের সার্ভিস ক্যাপ্টেনসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং বর্তমানে তদন্ত চলছে।