৯ বছরের অপেক্ষার অবসান! বাংলা সিনেমার পাশে এবার হল মালিকরা, ধন্যবাদ জানিয়ে দেব লিখলেন…

আর মাত্র একদিন, তারপরই দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। আগামী ১৪ আগস্ট ছবিটি মুক্তি পাবে। তবে এই একই দিনে মুক্তি পাচ্ছে আরও দুটি বড় বাজেটের হিন্দি ছবি, ‘ওয়ার ২’ এবং ‘কুলি’। ফলে প্রথম থেকেই হল পাওয়া নিয়ে ছবিটি সমস্যার সম্মুখীন হচ্ছিল।

তবে ‘ধূমকেতু’ নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, তার দিকে তাকিয়ে শহর থেকে শুরু করে গ্রামের হল মালিকরা বাংলা এই ছবিটিকে প্রাধান্য দিচ্ছেন। সাধারণত হিন্দি ছবি মুক্তি পেলে বাংলা ছবিকে যেভাবে সরিয়ে দেওয়া হয়, এক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম দেখা যাচ্ছে।

হল মালিকদের এই সহযোগিতার জন্য অভিনেতা ও প্রযোজক দেব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। গত ১২ আগস্ট তিনি লেখেন, “নো শো শেয়ারিং থেকে আর্লি মর্নিং শো। ধূমকেতু অনেক দূরের যাত্রা করবে বলেই ঠিক করেছে। এখন শুধু শহরের হল মালিকরা নয়, সকল জেলার হল মালিকরা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে আর্লি মর্নিং শো চালাচ্ছে।”

দেব আরও লেখেন, “বক্স অফিসে এত অসাধারণ উদ্বোধন দেখে আমি ভীষণ খুশি। এত খুশি আগে কখনও হইনি। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ওপর ভরসা করেছে, আমাদের এই সিনেমাকে এত ভালোবাসা দিয়েছে এবং বাংলা সিনেমাকে এক নতুন সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি বাংলা ছবিকে কোণঠাসা হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য টলিউডের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই প্রেক্ষিতে গত ৭ তারিখ একটি বৈঠক ডাকা হয় এবং ১৩ আগস্ট এই বিষয়ে দ্বিতীয় দফায় আলোচনার কথা রয়েছে। প্রতি বছরই দেখা যায় যে কোনো বড় হিন্দি বা দক্ষিণী ছবি মুক্তি পেলে বাংলা ছবি শো পায় না, বা এমন সময়ে পায় যাতে ছবির ব্যবসা মার খায়। তবে ‘ধূমকেতু’র মুক্তির পর মনে হচ্ছে সেই পরিস্থিতির পরিবর্তন আসতে চলেছে।