‘অত্যন্ত অসভ্য মহিলা…’, অনুরাগীর গায়ে হাত তুলতেই জয়াকে তুমুল নিন্দা কঙ্গনার

বলিউড অভিনেত্রী ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন প্রায়শই তাঁর রাগী মেজাজের জন্য খবরের শিরোনামে থাকেন। অনুরাগীদের সঙ্গে দুর্ব্যবহারের একাধিক ঘটনা এর আগেও ঘটেছে। তবে মঙ্গলবার, ১২ আগস্ট দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে যা ঘটল, তা দেখে অনেকেই হতবাক। এক অনুরাগীর গায়ে হাত তুলে দিলেন তিনি, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, জয়া বচ্চন কনস্টিটিউশন ক্লাবে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় এক ব্যক্তি তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। প্রথমে অভিনেত্রী বিষয়টি না বুঝলেও পরে বুঝে সজোরে ওই ব্যক্তিকে ধাক্কা মারেন। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই ব্যক্তি এবং আশপাশে দাঁড়িয়ে থাকা অন্যান্যরাও। এরপর জয়া বচ্চন রাগে সেখান থেকে দ্রুত প্রস্থান করেন।
এই ঘটনার তীব্র নিন্দা করে মান্ডির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তাঁর এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। কঙ্গনা লিখেছেন, “অত্যন্ত অসভ্য এবং সুবিধাবাদী একজন মহিলা। মানুষ ওঁর মেজাজ সহ্য করেন শুধুমাত্র উনি অমিতাভ বচ্চনের স্ত্রী বলে। ওঁকে ওই লাল শাড়ি এবং সমাজবাদী পার্টির টুপি পরে রীতিমতো ঝগড়ুটি মোরগের মতো দেখতে লাগছে। ধিক্কার।”
উল্লেখ্য, জয়া এবং কঙ্গনার মধ্যে বাকযুদ্ধ এবারই প্রথম নয়। ২০২০ সালে কঙ্গনা বলিউডকে ‘নর্দমা’ বলে অভিহিত করায় জয়া বচ্চন তাঁর তীব্র সমালোচনা করেছিলেন। জবাবে কঙ্গনা বলেছিলেন, “জয়া জি, যদি আমার জায়গায় আপনার মেয়ে শ্বেতাকে কিশোর বয়সে মারধর, মাদকাসক্ত এবং শ্লীলতাহানি করা হতো, তাহলে কি আপনি একই কথা বলতেন? অভিষেককে যদি ক্রমাগত ধমক এবং হয়রানির মুখোমুখি হতে হতো, যদি একটা সময় সে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করত, তাহলেও কি আপনি একই কথা বলতেন? তাহলে আমাদের প্রতিও সমবেদনা জানান।”
তবে কঙ্গনা যে সবসময় জয়া বচ্চনের সমালোচনা করেছেন, তা নয়। গত বছর নিউজ এইট্টিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “জয়া জি চলচ্চিত্র জগতের সব থেকে মর্যাদাপূর্ণ মহিলাদের মধ্যে একজন। রাজ্যসভায় তিনি যেভাবে নিজেকে পরিচালনা করেন, সেটা সত্যি প্রশংসার যোগ্য। আমাদের চলচ্চিত্র জগত থেকে এই ধরনের প্রতিনিধিত্ব করার মতো কেউ আছেন, ভেবেই ভালো লাগে।”
এই নতুন ঘটনায় জয়া বচ্চনের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাঁর এই ধরনের আচরণের সমালোচনা করছেন।