সুব্রত কাপে সেরা খেলোয়াড়দের জার্মানিতে ট্রেনিংয়ের সুযোগ দেবে TV9 Network

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তারকাদের তুলে আনার সবচেয়ে বড় মঞ্চ, সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আগামী ১৯ আগস্ট থেকে শুরু হচ্ছে। এবারও এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকছে TV9 Network, যার ফলে খুদে ফুটবলারদের জন্য এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। সুব্রত কাপে ভালো পারফর্ম করতে পারলে খুদে খেলোয়াড়রা TV9-এর ‘ইন্ডিয়ান টাইগার্স অ্যান্ড টাইগ্রেস’ উদ্যোগের আওতায় জার্মানিতে প্রশিক্ষণের সুযোগ পাবে।

সুব্রত কাপে অনূর্ধ্ব-১৭ জুনিয়র বয়েজ, অনূর্ধ্ব-১৭ জুনিয়র গার্লস এবং অনূর্ধ্ব-১৫ সাব-জুনিয়র বয়েজ দল অংশ নেবে। এই টুর্নামেন্টে নেপাল ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোও খেলবে। আগামী ১৯ আগস্ট থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে দিল্লি এনসিআর এবং বেঙ্গালুরুতে ২০০-এরও বেশি ম্যাচ খেলা হবে।

টুর্নামেন্ট শেষে সেরা খেলোয়াড়দের নিয়ে ট্রায়াল হবে, সেখান থেকে বাছাই করা খেলোয়াড়দের জার্মানিতে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো ভারতীয় ফুটবলে নতুন প্রতিভা তৈরি করা।

নয়াদিল্লিতে সুব্রত কাপ এবং TV9 Network-এর যৌথ ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ফুটবলার দালিমা ছিব্বর এবং এয়ার মার্শাল এস শিবকুমার। এস শিবকুমার বলেন, “ভারতীয় বায়ুসেনা এবং সুব্রত মুখোপাধ্যায় স্পোর্টস অ্যান্ড এডুকেশন সোসাইটি (SMSES) এই টুর্নামেন্টকে সফল করতে বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য থাকে প্রতি বছর আরও ভালো কিছু করা, যাতে খুদে ফুটবলাররা তাদের ক্যারিয়ারে উন্নতি করতে পারে।”

টুর্নামেন্টের জন্য মোট ৩৫ লক্ষ ৬০ হাজার টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। দালিমা ছিব্বর, যিনি নিজেও ২০১১ সালে সুব্রত কাপে খেলেছিলেন, বলেন, “ভারতীয় ফুটবল সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। আমাদের অনূর্ধ্ব-২০ মহিলা দল ২০ বছর পর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে।” অতীতে বাইচুং ভুটিয়া, শ্যাম থাপা এবং প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তিরাও এই টুর্নামেন্টে খেলেছেন।