আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার হলো বাংলাদেশ থেকে

বালুরঘাটের আত্রেয়ী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নিখোঁজ হওয়া উচ্চমাধ্যমিক পড়ুয়া কৃতিমান বর্মনের (১৮) দেহ উদ্ধার হয়েছে বাংলাদেশে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি সীমান্ত দিয়ে তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত ছিল বালুরঘাট থানার পুলিশ, বিএসএফ (BSF) এবং বাংলাদেশ পুলিশ ও বিজিবি (BGB)। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর দেহটি হস্তান্তর করা হয়। এ সময় শোকে পাথর হয়ে যাওয়া পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

মৃতের বাবা নদীর ধারে স্নান করতে থাকা বন্ধুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, বন্ধুদের অসাবধানতার কারণে তার ছেলের এমন মর্মান্তিক পরিণতি হয়েছে।

জানা গেছে, গত রবিবার বিকেলে কৃতিমান বর্মন বন্ধুদের সঙ্গে আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হন। তার বাড়ি বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে হলেও, দীর্ঘদিন ধরে তারা উত্তমাশা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। নিখোঁজ হওয়ার পর গত দুই দিন ধরে তাকে খোঁজা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আত্রাই নদীর পেত্নীতলা থেকে তার দেহ উদ্ধার হয়। এরপর বালুরঘাট থানার পুলিশ দ্রুত বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং দেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে। এই ঘটনায় বালুরঘাটে গভীর শোকের ছায়া নেমে এসেছে।