অভয়ার বাবাকে আইনি নোটিস পাঠালেন কুণাল ঘোষ, বিস্ফোরক মন্তব্যের জেরে চাঞ্চল্য

নবান্ন অভিযানের সময় পুলিশের লাঠিচার্জে আহত অভয়ার মায়ের ঘটনা ঘিরে এবার আইনি পথে হাঁটলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি অভয়ার বাবার বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে দুর্নীতির অভিযোগ তোলায় তাকে আইনি নোটিস পাঠিয়েছেন। কুণাল ঘোষের দাবি, অভয়ার বাবা তার বিরুদ্ধে ভিত্তিহীন এবং মানহানিকর মন্তব্য করেছেন।
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, “অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী এই চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন।”
কুণাল ঘোষ তার পোস্টে উল্লেখ করেছেন, অভয়ার বাবা সংবাদমাধ্যমে দাবি করেছেন যে, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে ‘সেটল’ করেছে।” কুণাল ঘোষের হুঁশিয়ারি, অভয়ার বাবা যদি ক্ষমা না চান, তাহলে তাকে আদালতে এসে তার মন্তব্যের প্রমাণ দিতে হবে। নোটিস পাওয়ার পর তাকে চার দিন সময় দেওয়া হয়েছে, তারপরই মামলা করা হবে।
প্রসঙ্গত, নবান্ন অভিযানের দিন অভয়ার মা পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। কুণাল ঘোষের দাবি, বিজেপি রাজনৈতিক ফায়দা লোটার জন্য অভয়ার পরিবারকে ব্যবহার করছে। তিনি তার একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে, বিজেপি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভয়ার বাবা-মাকে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করে তুলেছে।
অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ জানাতে গিয়ে অভয়ার বাবাকে হেনস্থার মুখে পড়তে হয়েছে বলেও খবর। এক থানা থেকে অন্য থানায় ঘুরতে হলেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি।
এই পরিস্থিতিতে অভয়ার পরিবার কুণাল ঘোষের আইনি নোটিসের জবাবে কী পদক্ষেপ নেয় এবং অভিযোগের প্রমাণ দিতে পারে কিনা, সেদিকেই এখন সবার নজর।