কেরালার বাজারে আইফোন রেখে ভারতের নিরাপত্তা পরীক্ষা করলেন জার্মান ইনফ্লুয়েন্সার, নেটদুনিয়ায় বিতর্ক

জার্মানির জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ইউনেস জারু সম্প্রতি ভারতের নিরাপত্তা নিয়ে একটি ব্যতিক্রমী সামাজিক পরীক্ষা করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। তিনি কেরালার এক ব্যস্ত বাজারে একটি দামি আইফোন রেখে যান এবং গোপনে পুরো ঘটনাটি ভিডিও করেন। তার উদ্দেশ্য ছিল দেখা, ‘ভারত কতটা নিরাপদ?’
খবর অনুযায়ী, জারু দুপুর সাড়ে ৪টার দিকে একটি জনবহুল বাজারে তার আইফোনটি একটি স্থানে রেখে হেঁটে চলে যান। এরপর তিনি একটি লুকানো জায়গা থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন। আশ্চর্যের বিষয় হলো, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ফোনটি ঠিক একই জায়গায় পড়ে ছিল। এমনকি দুই ঘণ্টা পর ফিরে এসেও তিনি দেখেন, ফোনটি ঠিক সেভাবেই রয়েছে, যেভাবে তিনি রেখে গিয়েছিলেন।
ভিডিওতে দেখা যায়, অনেক মানুষ ফোনটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ কেউ কৌতূহলবশত ফিরে তাকাচ্ছে, কিন্তু কেউই সেটিকে স্পর্শ করছেন না। একসময় এক যুবতী হাসিমুখে ফোনটি দেখে চলে যান। দেখে মনে হচ্ছিল, অনেকেই বুঝতে পারছিলেন না যে এটি একটি পরীক্ষা।
জারু এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন, “ভারত কতটা নিরাপদ? লোকেকেশন: কেরালা।” ভিডিওটি হাজার হাজার ভিউ পেলেও, এটি নেটিজেনদের মধ্যে দুটি ভাগে ভাগ করে দিয়েছে। অনেকেই এই ঘটনায় মুগ্ধ হয়েছেন, কিন্তু অনেকে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক নেটিজেন মন্তব্য করেন, “ভাই, তুমি ভারতের ভুল জায়গায় গিয়েছো।” আরেকজন লেখেন, “ক্যামেরা ছাড়া করে দেখো।” আরও একজন বলেন, “তুমি যদি বড় ট্রাইপড আর ক্যামেরা সামনে রাখো, কেউ ফোন চুরি করবে না।” এই ধরনের মন্তব্য প্রমাণ করে যে, অনেকেই এই পরীক্ষাটিকে বাস্তবসম্মত বলে মনে করেননি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কেরালার আগে জারু বেঙ্গালুরুতে একটি ফ্যান মিটের আয়োজন করেছিলেন, কিন্তু পুলিশি অনুমতি না থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনাটিও তার নিরাপত্তা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।