কালনায় পুকুরপাড় থেকে উদ্ধার সদ্যজাত শিশু, দত্তক নিতে চায় উদ্ধারকারী পরিবার

গভীর রাতে এক হৃদয় বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার পিণ্ডীরা গ্রামে। রাতের আঁধারে পুকুরপাড়ের কচুপাতার ওপর ফেলে রাখা হয়েছিল একদিনের এক পুত্রসন্তানকে। কিন্তু নির্মমতার এই ঘটনার মাঝে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় এক যুবক, যিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এবং তার পরিবার তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার গভীর রাতে কান্নার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা পুকুরপাড়ের দিকে ছুটে যান। শ্রীমন্ত প্রামাণিক নামে এক যুবক ঘটনাস্থলে পৌঁছে দেখেন, একটি সদ্যজাত শিশু পড়ে আছে। তিনি দ্রুত কালনা মহকুমা হাসপাতালের কর্মী ও এলাকার এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান, শিশুটি একদিনেরও বেশি নয় এবং তাকে বর্তমানে এসএনসিইউ (SNCU) বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “শিশুটিকে সমস্ত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখন সে বিপদমুক্ত। সময়মতো তাকে হাসপাতালে আনা না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।”

উদ্ধারকারী শ্রীমন্ত প্রামাণিক আবেগঘন কণ্ঠে বলেন, “কে বা কারা এই অসহায় শিশুটিকে ফেলে দিয়ে গেছে, তা আমরা জানি না। যখন আমরা তাকে উদ্ধার করি, তখন সে খুবই দুর্বল ছিল। আমি চাই, সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এই শিশুটি আমার দিদির কাছে দত্তক যাক।” শ্রীমন্তের দিদিও বলেন, “আমার দুটি মেয়ে আছে, কিন্তু ছেলে নেই। তাই আইন মেনে এই শিশুটিকে নিজের সন্তান হিসেবে লালন করতে চাই।”

কালনা থানার পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবার বা অভিভাবকের খোঁজে সব জায়গায় বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (CWC)-কেও বিষয়টি জানানো হয়েছে, যাতে আইনি প্রক্রিয়া মেনে শিশুটির ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। এই ঘটনা এলাকায় একদিকে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি অন্যদিকে মানবিকতার এক নতুন দিক খুলে দিয়েছে।