পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু, শোকাহত নদিয়ার তাহেরপুর

একসঙ্গে পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি হলো তিন কিশোরীর। তাদের মধ্যে দু’জনকে বাঁচানো সম্ভব হয়নি, এবং অন্য একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার পুরাতন দিঘীরপাড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ১০ বছরের রাশি সরকার, ১১ বছরের জ্যোতি মণ্ডল এবং ১৫ বছরের দেবিকা সরকার গ্রামের একটি পুকুরে স্নান করতে নামে। স্নানে নামার কিছুক্ষণ পরই তারা জলে তলিয়ে যেতে শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তিনজনকে উদ্ধার করেন।

উদ্ধারের পর স্থানীয়রাই তাদের দ্রুত রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ১০ বছরের রাশি সরকার এবং ১১ বছরের জ্যোতি মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা দিঘীরপাড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় ১৫ বছরের দেবিকা সরকারের চিকিৎসা চলছে। তার অবস্থা এখনও সঙ্কটজনক বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার বিষয়ে খোঁজখবর শুরু করেছে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে। এই মর্মান্তিক ঘটনায় দিঘীরপাড়ের বাসিন্দারা গভীরভাবে শোকাহত।