রাজস্থানে সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে চাঞ্চল্য

রাজস্থানের বুন্দি জেলার ডাবি শহরে সোনু সিং হাড়া হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন সোনুর স্ত্রী রিঙ্কু এবং তার প্রেমিক আরমান মোহাম্মদ। প্রেমিকাকে পাওয়ার জন্য আরমান এক লাখ টাকা সুপারি দিয়ে সোনুকে খুন করিয়েছিল। এই ঘটনায় পুলিশ আরমান-সহ মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মৃত সোনুর ভাই ভোঁবর সিং পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, তার ভাইয়ের স্ত্রী রিঙ্কুর সঙ্গে আরমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। যখন সোনু বিষয়টি জানতে পারেন, তখন তাদের মধ্যে পারিবারিক বিবাদ শুরু হয়। এরপর আরমান কিছুদিনের জন্য ডাবি ছেড়ে গেলেও ফিরে এসে খুনের ছক কষে।
ভোঁবর সিংয়ের দাবি, খুনের আগে ও পরে রিঙ্কু এবং আরমানের মধ্যে ভিডিও কল ও চ্যাটিং চলছিল। তিনি বলেন, “যখন আমরা সোনুকে পাগলের মতো খুঁজছিলাম, তখন রিঙ্কু এবং আরমান নির্লিপ্তভাবে ভিডিও কলে কথা বলছিল, যেন কিছুই হয়নি।” পরিবারের সদস্যরা রিঙ্কুর মোবাইল ফোন পরীক্ষা করে কিছু আপত্তিকর চ্যাট খুঁজে পান, যেখানে তারা ‘ফেঁসে না যাওয়া’ এবং প্রমাণ মুছে ফেলার ব্যাপারে আলোচনা করছিল। এসব প্রমাণের ভিত্তিতে পরিবার রিঙ্কুকেও গ্রেফতারের দাবি জানিয়েছে।
পুলিশের তদন্তে জানা গেছে, ৪ আগস্ট আরমান একটি “পার্টি”-র নাম করে হোয়াটসঅ্যাপ কলে সোনুকে ডেকে পাঠায়। সেখানে আগে থেকেই প্রস্তুত আরমান ও তার তিন বন্ধু আকাশ, আশিস এবং অনিল মীণা মিলে সোনুর ওপর হামলা চালায়। সোনুর শরীরে প্রায় ৩০ বার ছুরি দিয়ে আঘাত করা হয় এবং গলা কেটে তাকে খুন করা হয়। এরপর সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খালের কাছে সোনুর রক্তাক্ত দেহ খুঁজে পায়।
বুন্দি পুলিশ সুপার রাজেন্দ্র কুমার মীণা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডটি একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঘটেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। তারা এখন জেল হেফাজতে রয়েছে।