মিলল হাজার হাজার ‘ভূতুড়ে’ ভোটারের খোঁজ! উত্তরপ্রদেশ, বিহারে ‘ভোটচুরি’র তথ্য ফাঁস

বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের খসড়া ভোটার তালিকায় হাজার হাজার ‘ভূতুড়ে’ বা অস্তিত্বহীন ভোটারের নাম থাকার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ‘দ্য রিপোটার্স কালেক্টিভ’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, এই ভোটারদের অনেকের নাম একইসঙ্গে উত্তর প্রদেশ এবং বিহারের তালিকায় রয়েছে, যা ‘ভোটচুরি’র অভিযোগকে আরও জোরালো করেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিহারের বাল্মিকীনগর বিধানসভায় কমপক্ষে এক হাজারেরও বেশি এমন ভোটারের সন্ধান পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে, ভোটার তালিকায় নাম-সহ অন্যান্য তথ্য একই, কিন্তু ঠিকানা এবং ছবি সম্পূর্ণ আলাদা। আবার অনেক ক্ষেত্রে নাম এক হলেও বানানে সামান্য পার্থক্য এবং দুই রাজ্যের ভোটার কার্ডে বয়স ভিন্ন। এই ভিন্নতার কারণে ডেটাবেসে একই ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
এই তথ্য সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তুমুল চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, শুধুমাত্র ভোটবাক্সে ফায়দা তোলার জন্য বিজেপির ইশারায় নির্বাচন কমিশন এই কাজ করেছে। যদিও এই বিষয়ে কমিশন বা বিজেপি শিবিরের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে, বিজেপি ভুয়ো ভোটার ব্যবহার করে ভোট বাড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে জেতার চেষ্টা করছে এবং নির্বাচন কমিশন এই কাজে তাদের সহায়তা করছে। তৃণমূলের চাপের মুখে সেই সময় নির্বাচন কমিশন ‘ভূত’ তাড়াতে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিল।
বিহারের এই বিস্ফোরক তথ্য এমন এক সময়ে সামনে এলো, যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নিয়ে দেশজুড়ে উত্তেজনা চলছে। এই ঘটনা নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন তুলেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।