ট্রেনে টিকিট না কেটে কিউআর কোড নিয়ে চালাকি? অপব্যবহার রুখতে বড় পদক্ষেপ রেলের

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের প্রবণতা রুখতে এক অভিনব পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। টিকিট ফাঁকি দিতে সিদ্ধহস্ত যাত্রীদের শায়েস্তা করতে এবার চালু করা হচ্ছে ‘ডায়নামিক কিউআর কোড’ ব্যবস্থা। এই নতুন ব্যবস্থা ইতিমধ্যেই মুম্বই সাবার্বান রেলওয়েতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এবং খুব দ্রুত এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার সুবিধার অপব্যবহার করে আসছিলেন। অনেক যাত্রী স্টেশনের কিউআর কোডের ছবি তুলে মোবাইলের গ্যালারিতে রেখে দিতেন এবং টিকিট চেকার দেখলেই সেই ছবি স্ক্যান করে টিকিট কেটে ধরা পড়ার হাত থেকে রক্ষা পেতেন। রেলের একজন আধিকারিক এই বিষয়ে বলেন, “কিউআর কোডের এই অপব্যবহার রুখতে সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় আমরা ডায়নামিক কিউআর কোড ব্যবস্থা চালু করছি।”

কিভাবে কাজ করবে এই ডায়নামিক QR কোড?

সাধারণ কিউআর কোডের মতো এটি স্থির থাকবে না। এই নতুন ব্যবস্থায় স্টেশনের ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত কিউআর কোডটি নির্দিষ্ট সময় অন্তর স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। এর ফলে, যাত্রীরা মোবাইলের গ্যালারিতে কোডের ছবি তুলে রাখলেও তা আর কাজে আসবে না। যেমন, সকাল ১০টায় দেখানো কোডটি ১০টা ৩০ মিনিটে বদলে যেতে পারে। পুরনো কোড স্ক্যান করে টিকিট কাটার চেষ্টা করলে তা আর কার্যকরী হবে না।

বর্তমানে, ভারতীয় রেল যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থা চালু করেছে। এর মধ্যে রয়েছে কাউন্টারে টিকিট কাটা, কমিশনভিত্তিক দোকান থেকে টিকিট কেনা এবং ইউটিএস (UTS) অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা। তবে কিউআর কোড ব্যবস্থার এই অপব্যবহার রেলের রাজস্বের ওপর প্রভাব ফেলছিল। ইউটিএস অ্যাপে জিও-ফেন্সিং ব্যবস্থা থাকায় যাত্রী স্টেশনের ট্র্যাকের বাইরে গিয়ে টিকিট কাটতে বাধ্য হন। কিন্তু কিউআর কোড ব্যবস্থায় এমন কোনো বাধা ছিল না।

ভারতীয় রেল আশা করছে, এই নতুন ডায়নামিক কিউআর কোড ব্যবস্থা চালু হলে টিকিটবিহীন ভ্রমণ অনেকাংশে কমে যাবে। এতে রেলের রাজস্ব বাড়বে এবং টিকিট কাটা যাত্রীদের অধিকারও সুরক্ষিত থাকবে। যাত্রীদের সুবিধার জন্য চালু করা এই ব্যবস্থাটি যাতে কেউ অপব্যবহার না করতে পারে, সেই লক্ষ্যেই রেলের এই বিশেষ উদ্ভাবন।