খাবারের তালিকা থেকে বাদ পড়বে চকোলেট? কেন্দ্রের সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আপনার পছন্দের চকোলেট বা অন্য অনেক জনপ্রিয় খাবার হয়তো আর নিরাপদ নয়! সম্প্রতি লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী প্রতাপরাও যাদব জানিয়েছেন, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর এক সমীক্ষায় দেখা গেছে, চকোলেটসহ বহু খাবারের নমুনায় গুণগত মানের ব্যাপক অবনতি হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, FSSAI সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাবারের নমুনা সংগ্রহ করে তার মান পরীক্ষা করে। এর পাশাপাশি খাবারের মান যাচাই করার জন্য নিয়মিত অভিযানও চালানো হয়। সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ২০২৪-২৫ সালে মোট ১.৭ লক্ষ খাবারের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩৪,৩৮৮টি নমুনা মানহীন এবং অসঙ্গতিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই মানহীন নমুনাগুলোর মধ্যে চকোলেটও ছিল। এর ফলে, ৩১,৪০৭টি নমুনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, গত বছরও একই সংখ্যক নমুনা (১.৭ লক্ষ) পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে ৩৩,৮০৮টি নমুনার ফলাফল ছিল অসন্তোষজনক। এই পরিসংখ্যান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, বাজারে বিক্রি হওয়া অনেক খাবারই স্বাস্থ্যসম্মত নয়।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রিয় চকোলেটসহ অন্যান্য খাদ্যপণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য খাদ্য প্রস্তুতকারক এবং বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। কেন্দ্রীয় সরকারের এই তথ্য জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা বহন করছে এবং খাদ্য সুরক্ষার বিষয়ে আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।