দেব-শুভশ্রী এক হতেই রাজ-রুক্মিণীকে তীব্র কটাক্ষ নেটিজেনদের! ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন দেব

সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রায় এক দশক পর দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একসঙ্গে দেখে আপ্লুত হয়েছিলেন তাঁদের ভক্তরা। কিন্তু সামাজিক মাধ্যমে তাঁদের এই পুনর্মিলনকে ঘিরে ব্যক্তিগত আক্রমণের শিকার হন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। এই অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন অভিনেতা দেব।

রবিবার রানা সরকারের প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেব এই বিষয়ে তাঁর মতামত জানান। একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ঘটনা খুবই দুঃখজনক। এখন কেউ ভালোটাকে ভালোভাবে দেখতে চায় না। প্রতিটি লাইন নিয়ে কাটাছেঁড়া করে।”

দেব আরও বলেন, রাজ এবং রুক্মিণী এই পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছেন। তিনি তাঁদের পরিবারের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেব বলেন, “আমি শুভশ্রীকে শ্রদ্ধা করি। আমি চাই ও ভালো থাকুক। একটা ছবি বা প্রোমোশন এটা বদলে দিতে পারে না। আর আমরা এমন কিছু করিনি যার মূল্য হবে এটা।” তিনি জানান, দর্শক দেব-শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিলেন, তাঁরা কেবল সেই নস্টালজিয়া ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। যখন ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, তখন সেটা সত্যি খারাপ লাগছে বলে তিনি উল্লেখ করেন।

‘ধূমকেতু’ ছবির সাফল্যের পেছনে রুক্মিণীর অবদানের কথাও তিনি তুলে ধরেন। দেব বলেন, “যদি আমি রুক্মিণীর কথা বলি ‘ধূমকেতু’র পিছনে ওঁর অনেক অবদান রয়েছে। ও আমার সঙ্গে রিলও বানিয়েছে। আজ যখন আমার সঙ্গে দেখা হলো ও আমাকে বলল খুব ভালো ওপেনিং হচ্ছে। আমি তোমার জন্য গর্বিত।”

অন্যদিকে, রাজের সঙ্গে সরাসরি কথা না হলেও শুভশ্রীর আনন্দ দেখে তিনি বুঝতে পেরেছেন যে রাজও এই বিষয়ে খুশি। তিনি বলেন, “পরিবারের সমর্থন না পেলে ওই আনন্দটা আসে না।”

দেব জানান, তাঁরা সেদিন কোনো অভিনয় করেননি, বরং তাঁদের ভক্তদের খুশি করার জন্যই তাঁরা মঞ্চে ছিলেন। তিনি আরও বলেন, “যদি কোনো অপমান হয়ে থাকে, তাহলে আমি শুভশ্রী, রাজ এবং রুক্মিণীর কাছে দুঃখিত। তবে সোশ্যাল মিডিয়া থেকে এর থেকে বেশি আর কী আশা করা যায়।”

ট্রোলারদের উদ্দেশ্যে দেব বলেন, “যাঁরা ট্রোল করছেন চালিয়ে যান, কারণ তাতে আমার ছবিই আরও বড় হচ্ছে।” তিনি আশাবাদী যে এই ধরনের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও, ‘ধূমকেতু’র প্রতি মানুষের ভালোবাসা অটুট থাকবে এবং ছবিটি ভালো ব্যবসা করবে। তিনি রাজ এবং রুক্মিণীকে ধন্যবাদ জানান যেভাবে তাঁরা এই পরিস্থিতি সামলেছেন।