নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ, সিপি-সহ পুলিশকর্মীদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ

নবান্ন অভিযানের সময় পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচারের পাশাপাশি জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনেছে বিজেপি। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগের ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তথ্য সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখেছেন, “গতকাল আন্দোলনকারীদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে মমতার পুলিশ। জাতীয় পতাকার অবমাননা করতেও তারা ছাড়েনি।” তিনি আরও জানান, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কলকাতা পুলিশ কমিশনার (সিপি) এবং অন্যান্য পুলিশকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা এর শেষ দেখে ছাড়ব।”

বিজেপির অভিযোগ, নবান্ন অভিযানে যখন দলের কর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন, তখন পুলিশ তাঁদের ওপর হামলা চালায় এবং জাতীয় পতাকাকে অসম্মান করে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

যদিও এই অভিযোগের বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। কিন্তু বিজেপির এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাতের জন্ম দিয়েছে। বিজেপি নেতারা বলছেন, তাঁরা এই অভিযোগের শেষ পর্যন্ত আইনি লড়াই চালাবেন।