কলকাতায় চলন্ত বাসে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন ২৫-৩০ জন যাত্রী

চলন্ত সরকারি বাসে আগুন লাগার এক ভয়ঙ্কর ঘটনা ঘটল কলকাতায়। রবিবার বিকেলে বারাসাত থেকে গড়িয়া রুটের এসবিএসটিসি-র একটি এসি বাসে হঠাৎ করে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। বাসে আগুন লাগার পরই যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। দ্রুত খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকলের কর্মীরা তদন্ত করে দেখছেন, কীভাবে আগুন লাগল। তবে, কলকাতায় চলন্ত এসি বাসে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা শহরের পরিবহন ব্যবস্থা এবং বাসের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে।