নবান্ন অভিযানে আহত অভয়ার মাকে দেখতে গিয়ে পুলিশের বিরুদ্ধে সরব সুকান্ত মজুমদার

সম্প্রতি নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে আহত হন আর্জিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা। তাঁকে দেখতে রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে বেরিয়ে তিনি পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং পুরো ঘটনার জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেন।
সুকান্ত মজুমদার বলেন, “একজন মায়ের হাতে যখন আঘাত লাগে, তখন তা সমাজের কাছে লজ্জার। অভয়ার মা রাখি নিয়ে গিয়েছিলেন পুলিশের হাতে পরিয়ে দেবেন বলে, কিন্তু তাঁর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক।” তিনি আরও অভিযোগ করেন, পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে, যার ফলে ওই বৃদ্ধা মায়ের মাথায় ও পিঠে আঘাত লেগেছে।
হাসপাতালের চিকিৎসাও রাজনৈতিক চাপের মুখে হচ্ছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “হাসপাতালের ওপর রাজ্য সরকারের চাপ ছিল বলে মনে হয়। প্রথমে নিউরো চিকিৎসক ভর্তির কথা বললেও পরে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়।” বিজেপি রাজ্য সভাপতি জানান, যদি পরিবার চায়, তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই আহত মায়ের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, “পুলিশকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।” তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।