সিবিএসই-র নতুন উদ্যোগ, এবার বই খুলে পরীক্ষা, মুখস্থের দিন শেষ

মুখস্থ করে পরীক্ষা দেওয়ার পুরোনো পদ্ধতি থেকে বেরিয়ে এবার নতুন শিক্ষানীতির পথে হাঁটছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির জন্য ‘ওপেন বুক অ্যাসেসমেন্ট’ বা বই খুলে পরীক্ষার প্রক্রিয়া অনুমোদন দিয়েছে বোর্ড। এর ফলে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কিছু পরীক্ষায় বই সামনে রেখে উত্তর লিখতে পারবে।

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, জুলাই মাসে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হলেও, রবিবার তা চূড়ান্তভাবে ঘোষণা করা হয়। এই নতুন মূল্যায়ন পদ্ধতি বার্ষিক পরীক্ষার পরিবর্তে শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে (ইন্টারনাল) নেওয়া হবে। প্রথম পর্যায়ে নবম শ্রেণির ভাষা, গণিত, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিষয়ে এই পরীক্ষা পদ্ধতি চালু হবে।

তবে এটি বাধ্যতামূলক নয়। সিবিএসই বোর্ড তাদের আওতাভুক্ত স্কুলগুলিকে একটি নির্দেশিকা না দিয়ে, এটিকে একটি মডেল হিসেবে তুলে ধরতে আগ্রহী। স্কুলগুলি নিজেদের পছন্দ অনুযায়ী এই পদ্ধতি গ্রহণ করতে পারবে।

শিক্ষাবিদদের মতে, এই পদক্ষেপ নতুন শিক্ষানীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর মূল উদ্দেশ্য হলো মুখস্থ নির্ভরতা কমানো এবং পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের গভীর পরিচিতি ঘটানো। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা তথ্য মুখস্থ না করে, বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে শিখবে। এর ফলে পড়াশোনার মান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা সমাধানে আরও দক্ষ হয়ে উঠবে।

শিক্ষামহলের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মনে করছেন এটি ভারতীয় শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।