বাবার সাহায্য পাননি, কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছেলের

জনপ্রিয় গায়ক কুমার শানুর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার তাঁর ছেলে জান কুমার শানু সরাসরি বাবার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তাঁর অসহযোগিতার কারণেই তিনি সঙ্গীত জগতে সাফল্য পাননি। যদিও জান স্পষ্ট জানিয়েছেন, বাবার বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ বা দাবি নেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জান কুমার শানু বলেন, “বাবা যদি আমাকে সাহায্য করতেন, তাহলে আজ আমি ইন্ডাস্ট্রির একটা বড় নাম হতে পারতাম।” তবে একই সঙ্গে তিনি এও বলেন যে, বাবার প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই এবং তিনি ঈশ্বরের উপর ভরসা রাখেন।

কুমার শানুর তিন ছেলের কেউই সেভাবে ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করে নিতে পারেননি। জান অবশ্য ২০২০ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর কিছুটা পরিচিতি লাভ করেন।

জান তার জীবনের কঠিন অধ্যায়ের কথা বলতে গিয়ে জানান, তাঁর জন্ম নেওয়ার আগেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কুমার শানু প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যকে ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ছেড়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই সময় এক অভিনেত্রীর সঙ্গে শানুর নাম জড়িয়েছিল। বিচ্ছেদের পর রীতা একাই তিন সন্তানকে মানুষ করেছেন। তাই জানের কাছে তাঁর মা-ই সব।

যদিও বাবা-ছেলের সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন নয়, তবে তা মধুরও নয়। জানের দুই দাদা, জেসি ও জিকো, এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। কুমার শানু পরে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন এবং তাঁদের দুই কন্যা সন্তানও রয়েছে।