নির্বাচন কমিশনের বড় ঘোষণা, ভোটকর্মীদের ভাতা বাড়ল, খুশি কর্মীরা

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এক যুগ পর ভোটকর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। ২০১৪ সালের পর এই প্রথম ভোটগ্রহণের কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং অন্যান্য কর্মীদের ভাতা বাড়ানো হলো। এই সিদ্ধান্তে ভোটকর্মীরা যেমন খুশি, তেমনই তাঁরা সময় মতো প্রাপ্য টাকা হাতে পাওয়ার দাবি জানিয়েছেন।
নতুন ঘোষণা অনুযায়ী, ভোটের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এর পরিবর্তে তাঁরা এককালীন ২০০০ টাকাও পেতে পারেন। একইভাবে, পোলিং অফিসারদের দৈনিক ভাতা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে, অথবা এককালীন ১৬০০ টাকা দেওয়া যেতে পারে।
এছাড়াও, মাইক্রো অবজারভারদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। তাদের এককালীন ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। ভোটগণনা সহকারী, চতুর্থ শ্রেণির কর্মী, এবং ভিডিও নজরদারি টিমের কর্মীদের ভাতাও বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, খাবার বাবদ দৈনিক ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে, যা কর্মীদের কাছে স্বস্তিদায়ক খবর।
এর আগে, নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত বিএলও (বুথ লেভেল অফিসার) সহ সরকারি কর্মীদের ভাতাও বাড়িয়েছিল। এই পদক্ষেপগুলি ভোটকর্মীদের মনোবল বাড়াতে এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।