আর্জিকর কাণ্ড, এক বছর পর মেয়ের বিচার চেয়ে পথে নেমে আহত মা, বিচার চাইলেন বাবা

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার দিনে সুবিচারের দাবিতে পথে নেমে পুলিশের লাঠিচার্জে আহত হলেন নিহত তরুণীর মা। গত শনিবার বিজেপি-র নবান্ন অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাঁর মাথায় ও পিঠে আঘাত লাগে বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
গতকাল হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন নিহত তরুণীর বাবা। তিনি জানান, তাঁর স্ত্রী এখন স্থিতিশীল থাকলেও নিউরো চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা। এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “পুলিশ কমিশনার যদি লাঠিচার্জের জন্য দুঃখ প্রকাশ করে থাকেন, তাহলে একই তৎপরতায় যেন আমার মেয়ের খুনিদের বিচার নিশ্চিত করা হয়।”
তিনি আরও জানান যে, এই প্রতিবাদ কর্মসূচিতে কোনো রাজনৈতিক দল বা নেতা তাঁদেরকে জোর করে ঠেলে দেয়নি। তিনি বলেন, “কেউ আমাদের সামনে এগিয়ে দেয়নি। আমাদের পাশে থাকার জন্য অনেকে এগিয়ে এসেছেন।”
প্রসঙ্গত, বিজেপি-র নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের আহত হওয়ার খবর সামনে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে পুলিশ তাঁদের ওপর আক্রমণ করেছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশ এই ঘটনাকে রাজনৈতিক রঙ দিতে চাইছে বলে অভিযোগ উঠেছে। তবে নিহত তরুণীর বাবার দাবি, তাঁদের একমাত্র লক্ষ্য মেয়ের খুনিদের বিচার। এই ঘটনায় ন্যায়বিচারের দাবি আবারও জোরালো হল।