“অভিযোগ না করলেও তদন্ত হবে”-RG Kar-এর নির্যাতিতার মায়ের আঘাত নিয়ে বললেন সিপি

নবান্ন অভিযানে আহত আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মা এখন স্থিতিশীল আছেন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তার শারীরিক সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে এবং নিউরো টিমের পর্যবেক্ষণে আছেন তিনি। এদিকে, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
শনিবার আরজি করের তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ ও হত্যার এক বছর পূর্তি উপলক্ষে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি নবান্ন অভিযানের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে নির্যাতিতার বাবা-মাও অংশ নিয়েছিলেন। অভিযোগ ওঠে যে, পুলিশ মিছিলে লাঠিচার্জ করে, যার ফলে নির্যাতিতার মা মাথায়, পিঠে এবং ঘাড়ে আঘাত পান। এরপর তাকে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালে তার বাবা সংবাদমাধ্যমকে জানান যে, তার স্ত্রীর অবস্থা এখন আশঙ্কামুক্ত। তিনি বলেন, “সকালে তিনি নিজে থেকেই হাঁটতে পেরেছেন এবং কাউকে ধরে হাঁটার প্রয়োজন হয়নি।” তিনি আরও অভিযোগ করেন, শনিবার র্যাফ (RAF) লাঠি দিয়ে তার স্ত্রীকে মেরেছিল, যার ফলে তিনি রাস্তায় পড়ে যান। তিনি নিজেও কোনোমতে প্রাণে বাঁচেন।
এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “আরজি করের ছাত্রীর মা যে অভিযোগ করছেন, তা সত্যি কিনা, কীভাবে ঘটলো এবং পুলিশের ভূমিকা কী ছিল, তা আমরা তদন্ত করে দেখছি।” তিনি আরও জানান, তাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা না হলেও পুলিশ নিজ উদ্যোগেই তদন্ত করবে। শনিবার থেকেই এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান।
সিপি মনোজ ভার্মা জানান, ঘটনার দিনের বিভিন্ন সিসিটিভি ফুটেজ, বডি ক্যামেরা এবং ড্রোন ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।