চলন্ত সরকারি বাসে আচমকা আগুন, আতঙ্কে তুমুল চিৎকার যাত্রীদের, তারপর…

বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। রবিবার সকালে বিমানবন্দর এলাকায় একটি চলন্ত সরকারি বাসে হঠাৎ আগুন লেগে যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

জানা গেছে, ঘটনাটি ঘটে রবিবার সকালে, যখন SBSTC-র বারাসত-গড়িয়া রুটের একটি বাস কলকাতা মুখী লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং-এর সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎই বাসের ভিতরে শর্ট সার্কিট হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাসটিতে তখন প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার খবর জানতে পেরেই আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নামার চেষ্টা করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে আনেন। জানা যাচ্ছে, তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে কোনো হতাহতের খবর নেই।

উল্লেখ্য, এর আগেও কলকাতাতে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পাইকপাড়ায় একটি এসি বাসে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। সেই সময়েও বেলঘরিয়া থেকে বিটি রোড ধরে যাওয়ার সময় পাইকপাড়া মোড়ে বাসটিতে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। সেই ঘটনাতেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং নামতে গিয়ে অনেকে আহত হয়েছিলেন।