যাত্রীকে নোংরা আসন, ইন্ডিগোকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করলো কনজ়িউমার ফোরাম

যাত্রীকে নোংরা এবং অস্বাস্থ্যকর আসন দেওয়ার অভিযোগে বিমান সংস্থা ইন্ডিগো-কে ১.৫ লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লির কনজিউমার ফোরাম। একটি মামলার পরিপ্রেক্ষিতে ফোরাম ইন্ডিগোর পরিষেবার গুরুতর ত্রুটি খুঁজে পেয়েছে এবং এই কড়া পদক্ষেপ নিয়েছে।
ঘটনাটি ঘটে চলতি বছরের ২ জানুয়ারি। পিঙ্কি নামের এক যাত্রী দিল্লি থেকে আজারবাইজানের রাজধানী বাকু যাওয়ার জন্য ইন্ডিগো-র একটি ফ্লাইটে উঠেছিলেন। তার অভিযোগ, তাকে যে আসনটি দেওয়া হয়েছিল সেটি অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর ছিল। তিনি তৎক্ষণাৎ বিষয়টি কেবিন ক্রুদের জানান, কিন্তু তার অভিযোগকে প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। অনেক অনুরোধের পর তাকে অন্য একটি আসনে বসতে দেওয়া হয়।
এই ঘটনার পর পিঙ্কি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং ইন্ডিগো-কে একটি আইনি নোটিস পাঠান। কিন্তু ইন্ডিগো-র পক্ষ থেকে কোনো সন্তোষজনক উত্তর না মেলায় তিনি দিল্লির কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করেন। ফোরাম এই অভিযোগের ভিত্তিতে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্তে কনজিউমার ফোরাম দেখতে পায় যে, যাত্রীদের অস্বাস্থ্যকর আসন দেওয়া এয়ারলাইনসের দায়িত্ব এবং চুক্তির নিয়ম বিরোধী। ইন্ডিগো তার যাত্রীকে সঠিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। ক্রেতা সুরক্ষা আদালত আরও জানিয়েছে যে, এই ঘটনার পর ইন্ডিগো নিজেদের পক্ষে কোনো সিচুয়েশন ডেটা ডিসপ্লে (SDD) রিপোর্টও জমা দিতে পারেনি। এরপরেই ফোরাম ইন্ডিগো-কে নির্দেশ দেয় যে, বিনা কারণে হয়রানির জন্য পিঙ্কিকে ১.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে, মামলার খরচ বাবদ ২৫,০০০ টাকাও তাকে প্রদান করতে বলা হয়েছে। এই রায় ইন্ডিগোর মতো বড় বিমান সংস্থার পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।