ভরা বাজারে গুলির আওয়াজে কেঁপে উঠলো কোচবিহার, যুব তৃণমূল নেতাকে প্রকাশ্যে খুন!

কোচবিহারের পুণ্ডিবাড়িতে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো এক যুব তৃণমূল (Trinamool Congress) নেতাকে। শনিবার দুপুরে ভরা বাজারের মধ্যে তৃণমূল পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

প্রকাশ্যে খুন

স্থানীয় সূত্রে জানা গেছে, অমর রায় বাজার করার জন্য বেরিয়েছিলেন। সেই সময় দুটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী আসে এবং তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। গুলির শব্দে বাজারে উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা দিগ্বিদিক ছুটে পালাতে শুরু করেন। গুলি থামার পর দেখা যায়, অমর রায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন, যিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার পায়ে গুলি লেগেছে। অপরাধীরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

তদন্তে ধোঁয়াশা

নিহত অমর রায়ের দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহারের এমজিএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাবা পার্থপ্রতীম রায় এবং পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। ঘটনার সময় অমর রায় যে গাড়ি এবং চালকের সঙ্গে হাটে গিয়েছিলেন, তাদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।

রাজনৈতিক যোগসূত্র নিয়ে জল্পনা

অমর রায় যুব তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এই খুন রাজনৈতিক কারণে হয়েছে নাকি এর পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতা আছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রকাশ্য দিবালোকে এই ধরনের খুনের ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।