OMG! মন্দিরে আরতির সময় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রধান পুরোহিতসহ ৭ জন আহত

শনিবার রাতে শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে বারাণসীর আত্মা বিশ্বেশ্বর মহাদেব মন্দিরে আরতি চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মন্দিরের প্রধান পুরোহিতসহ মোট ৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র অনুযায়ী, শনিবার রাতে শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। এই বছর মন্দিরের গর্ভগৃহে তুলো দিয়ে অমরনাথের শিব তৈরি করা হয়েছিল। আরতির সময় প্রদীপ থেকে আগুনের ফুলকি তুলোর শিবের উপর পড়লে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় এবং তা গর্ভগৃহে ছড়িয়ে পড়ে। এতে মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্দিরটি একটি সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয়। তবে স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয় কবীর চৌরাহা বিভাগীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। প্রধান পুরোহিতের অবস্থাও গুরুতর বলে পুলিশ জানিয়েছে।
সংবাদ সংস্থা IANS-কে এক প্রত্যক্ষদর্শী জানান, “ঘটনার সময় মন্দিরে ৩০ জনের বেশি ভক্ত উপস্থিত ছিলেন। আগুন লাগার সাথে সাথেই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন।” এই ঘটনার পর থেকে মন্দির চত্বরে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন এই ঘটনার কারণ খতিয়ে দেখছে।