রাজ্যকে না জানিয়েই SIR-প্রস্তুতি? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠালো নবান্ন

রাজ্যের সঙ্গে আলোচনা না করেই বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি শুরু করার অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-কে চিঠি পাঠাল নবান্ন। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে শুক্রবার এই চিঠি পাঠানো হয়েছে। এতে দাবি করা হয়েছে, নবান্নকে অন্ধকারে রেখেই বিশেষ ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
রাজ্য সরকারের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি একাধিক সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কেন্দ্রকে জানিয়েছে তারা বিশেষ ভোটার তালিকা সংশোধনের জন্য প্রস্তুত। কিন্তু রাজ্য সরকারের দাবি, এই বিষয়ে তাদের সঙ্গে কোনো রকম আলোচনা বা পরামর্শ করা হয়নি। চিঠিতে আরও বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপের ক্ষেত্রে স্বচ্ছতা এবং পারস্পরিক সমন্বয়ের এই অভাব অত্যন্ত উদ্বেগজনক। নবান্ন সিইও-কে এই প্রকাশিত খবরের সত্যতা যাচাই করে দ্রুত জবাব দেওয়ার অনুরোধ করেছে।
ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল বিষয়ে রাজ্য এবং সিইও-র দফতরে এই সমন্বয়হীনতা সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রশাসনিক বিবাদ ভবিষ্যতে রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
রাজ্যের এই চিঠি এখন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সবাই এখন অপেক্ষা করছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে এই চিঠির কী জবাব দেওয়া হয় তার জন্য।