বাজেটে পেশ করা নতুন আয়কর বিল হঠাত্‍ প্রত্যাহার কেন্দ্রের, জেনেনিন কেন এই সিদ্ধান্ত?

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি লোকসভায় পেশ হওয়া ইনকাম ট্যাক্স বিল ২০২৫ শুক্রবার হঠাৎই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই বিলটি কার্যকর হলে ১৯৬১ সালের পুরনো আয়কর আইনের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল। তবে এই প্রত্যাহারের কারণ হিসেবে জানা গেছে, বিলটির একটি নতুন ও সংশোধিত সংস্করণ নিয়ে আসা হবে।

সূত্রের খবর অনুযায়ী, ইনকাম ট্যাক্স বিলের একটি নতুন সংস্করণ আগামী ১১ আগস্ট লোকসভায় পেশ করা হবে। এই নতুন বিলটিতে বৈজন্ত পান্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির দেওয়া একাধিক প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে একাধিক বিল নিয়ে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, সেজন্যই পুরনো বিলটি প্রত্যাহার করে একটি আপডেটেড বিল পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন সংস্করণে সমস্ত প্রস্তাবিত পরিবর্তনগুলি স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

সিলেক্ট কমিটির গুরুত্বপূর্ণ প্রস্তাব
গত ২১ জুলাই সিলেক্ট কমিটি ৪,৫০০ পাতার একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছিল। এই রিপোর্টে আয়কর বিল ২০২৫-এর খসড়ার মধ্যে ২৮৫টি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাবগুলির বেশিরভাগই সাধারণ করদাতাদের সুবিধা নিশ্চিত করার জন্য করা হয়েছে।

কমিটির দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিচে দেওয়া হলো:

গৃহ সম্পত্তি থেকে আয়:

নতুন আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পুরকর কাটছাঁটের পর যে ৩০% স্ট্যান্ডার্ড ডিডাকশন অনুমোদিত, তা পূর্ব থেকেই প্রযোজ্য। এতে কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না।

গৃহঋণের সুদের উপর যে কর ছাড় বর্তমানে শুধুমাত্র স্ব-অধিকৃত সম্পত্তির জন্য প্রযোজ্য, তা ভাড়ার উদ্দেশ্যে ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।

TDS এবং TCS-এর সহজ রিফান্ড:

অনেক করদাতাকে TDS বা TCS-এর রিফান্ড পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কমিটি প্রস্তাব দিয়েছে যে, রিফান্ড প্রক্রিয়াটি আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ হওয়া উচিত।