প্রতি বছর বর্ষায় জলের তলায় রাস্তা, বিপর্যস্ত পূর্ব বর্ধমানের চর বিষ্ণুপুর গ্রাম

পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রাম চর বিষ্ণুপুর, যা নদিয়া জেলার সীমান্ত ঘেঁষে অবস্থিত, সেখানে বর্ষার সময় গ্রামবাসীদের দুর্ভোগের শেষ নেই। কারণ, নদিয়ার সঙ্গে সংযোগকারী গ্রামের একমাত্র রাস্তাটিই প্রত্যেক বছর বর্ষায় জলের তলায় চলে যায়। ফলে বছরের এই কয়েকটি মাস গ্রামবাসীদের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।
এই গ্রামের বাসিন্দাদের পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমায় যেতে হলে প্রথমে কালিকাপুর ঘাট পর্যন্ত যেতে হয় এবং তারপর ভাগীরথী নদী পার হয়ে চর বিষ্ণুপুরে পৌঁছতে হয়। এই গ্রাম থেকে নদিয়ার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। কিন্তু বর্ষা এলেই সেখানে কোমর সমান জল জমে যায়। ফলে গাড়ি বা সাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াতও অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ভবেশ বারুই বলেন, “বর্ষা এলেই আমরা আতঙ্কে থাকি। এই রাস্তায় প্রথম থেকেই জল জমে থাকে, যাতায়াত করতে চরম সমস্যা হয়। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি।”
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বর্ষায় বুক সমান জল ভেঙে স্কুল পড়ুয়া থেকে শুরু করে শ্রমজীবী মানুষকে প্রতিদিন কাজকর্মে যেতে হয়। এই সমস্যার কথা স্থানীয় প্রশাসন এবং জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।
শুধু জল জমা নয়, চর বিষ্ণুপুরের আরেকটি বড় সমস্যা হলো নদীভাঙন। গত কয়েক বছরে ভাঙনের কারণে বহু ঘরবাড়ি এবং চাষের জমি নষ্ট হয়েছে। গ্রামবাসীরা আশঙ্কা করছেন, নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই সমস্ত সমস্যার মূলে রয়েছে দুর্বল রাস্তা এবং প্রশাসনের উদাসীনতা। গ্রামবাসীরা এখন তাকিয়ে আছেন, কবে তাদের এই দীর্ঘদিনের সমস্যার একটি স্থায়ী সমাধান হবে।