বাস কন্ডাক্টরের ছেলে আজ রজনীকান্তকে করছেন পরিচালনা!, আসছে নতুন সিনেমা

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’ আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু সিনেমার আলোচনার পাশাপাশি সমানভাবে উঠে আসছে এর পেছনের মানুষটির জীবনকাহিনিও। পরিচালকের জীবনের গল্প যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়, কারণ তার বাবা ছিলেন একজন বাস কন্ডাক্টর, ঠিক যেমনটা একসময় ছিলেন রজনীকান্ত নিজেও।
‘কুলি’ ছবির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে দর্শকরা পরিচালকের ব্যক্তিগত জীবনের সঙ্গে ছবির এই যোগসূত্র খুঁজে পেয়ে মুগ্ধ হচ্ছেন। পরিচালক লোকেশ কঙ্গরাজের বাবা একসময় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করেছেন। কাকতালীয়ভাবে, রজনীকান্তও তার অভিনয় জীবন শুরু করার আগে একজন বাস কন্ডাক্টর ছিলেন। এই অদ্ভুত মিলটি সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা লোকেশ কঙ্গরাজ পড়াশোনা করেছেন ফ্যাশন টেকনোলজিতে। এরপর এমবিএ শেষ করে তিনি একটি ব্যাঙ্কে চাকরি শুরু করেন। কিন্তু সেই কাজ তার মন ভরাতে পারেনি। তার আসল আগ্রহ ছিল সিনেমায়। একদিন একটি কর্পোরেট শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি ব্যাপক প্রশংসা পান, আর সেখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়।
লোকেশ কঙ্গরাজ কোনো ফিল্ম স্কুলে পড়াশোনা করেননি বা কোনো পরিচালকের সহকারী হিসেবে কাজ করেননি। নিজের সাহস এবং সৃজনশীলতাকে পুঁজি করে তিনি দুটি শর্ট ফিল্ম তৈরি করেন—‘আচম থাভির’ এবং ‘কালাম’। এরপর তার কাজ ‘আভিয়াল’ নামক একটি অ্যান্থলজি ছবিতে জায়গা পায়, যা তাকে চলচ্চিত্র জগতে পরিচিতি এনে দেয়। সেই থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। রজনীকান্তের মতো একজন কিংবদন্তি অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ তার প্রতিভাকেই প্রমাণ করে।