বুকের দুধের ফ্লেভারের আইসক্রিম, জেনেনিন কী ভাবে তৈরি হচ্ছে এই খাবার?

অবিশ্বাস্য মনে হলেও সত্যি, স্তন্যদুগ্ধের স্বাদের আইসক্রিম বাজারে এনেছে মার্কিন সংস্থা ‘ফ্রিডা’। নিউ ইয়র্কের বিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড ‘অডফেলোস আইসক্রিম কোম্পানি’-র সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিনব আইসক্রিমটি তৈরি করা হয়েছে। নতুন এই স্বাদের আইসক্রিমটি নিয়ে নেটপাড়ায় এখন বিতর্কের ঝড়। অনেকেই এর উদ্ভাবনী ধারণাকে সাধুবাদ জানালেও, কেউ কেউ এর বিপণন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
‘ফ্রিডা’ সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও পোস্ট করে এই আইসক্রিমের প্রচার শুরু করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের ব্রুকলিনের রাস্তায় একটি ট্রাকে ‘ব্রেস্ট মিল্ক আইসক্রিম’ লেখা রয়েছে, যা পথচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। সংস্থা জানিয়েছে, ৫ থেকে ১০ আগস্টের মধ্যে এই বিশেষ স্বাদের আইসক্রিমটি চেখে দেখার সুযোগ পাবেন আইসক্রিমপ্রেমীরা।
তবে আইসক্রিমটি মায়ের বুকের দুধের স্বাদের হলেও, এটি তৈরিতে আসল স্তন্যদুগ্ধ ব্যবহার করা হয়নি। প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, এই আইসক্রিমের মূল উপকরণগুলির মধ্যে রয়েছে দুধ, ভারী ক্রিম, স্কিম মিল্ক পাউডার, চিনি, ডিমের কুসুম, মধু এবং লবণাক্ত ক্যারামেল ফ্লেভারিং। এর সঙ্গে লিপোসোমাল বোভাইন কোলোস্ট্রাম ব্যবহার করা হয়েছে, যা আইসক্রিমকে স্তন্যদুগ্ধের মতো স্বাদ দিতে সাহায্য করে। এছাড়া, সংরক্ষণ করার জন্য প্রোপিলপ্যারাবেনের মতো কিছু প্রিজারভেটিভও ব্যবহার করা হয়েছে।
আইসক্রিমটির স্বাদ কেমন, এই প্রশ্নের উত্তরে ‘ফ্রিডা’ জানিয়েছে, এটি মূলত মিষ্টি স্বাদের হলেও এতে হালকা নোনতা এবং মধুর মিশ্রিত স্বাদ পাওয়া যাবে, যা মায়ের বুকের দুধের স্বতন্ত্র স্বাদের অনুকরণ করবে। এই নতুন ফ্লেভার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। কেউ কেউ এটিকে একটি সাহসী এবং সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে এর নামকরণ এবং বিপণনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।