‘অমুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও মামলা হবে’, যাবতীয় বিভ্রান্তি উড়িয়ে স্পষ্ট জানালেন হিমন্ত বিশ্বশর্মা

বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়লে অমুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও মামলা হবে। সম্প্রতি একটি নির্দেশিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি উড়িয়ে দিয়ে এই কথা স্পষ্ট করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) আওতায় যে অমুসলিম শরণার্থীরা সুরক্ষা পাচ্ছেন না, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ীই মামলা দায়ের করা হবে।
সম্প্রতি বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে, বিশেষ করে অসমে, বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। এই ধরপাকড়ের সময় কোনো ব্যক্তি অনুপ্রবেশকারী সন্দেহে ধরা পড়লে তার বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা করা হয়।
সংবাদসংস্থা পিটিআই সম্প্রতি একটি সরকারি নির্দেশিকার উল্লেখ করে জানায় যে, অসম সরকার নাকি অমুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে এবং শুধুমাত্র মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই খবর রাজ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়ায়। আজসু-সহ বিভিন্ন স্থানীয় সংগঠন বিজেপি সরকারের বিরুদ্ধে অসম অ্যাকর্ড লঙ্ঘনের অভিযোগ তোলে এবং শুক্রবার রাজ্যে বনধের ডাক দেয়।
এই পরিস্থিতিতে খানিক চাপে পড়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলন করে সাফাই দেন। তিনি বলেন, “রাজ্য সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। সিএএ-তে ইতিমধ্যে যা রয়েছে, তার বাইরে রাজ্য সরকার কোনো নির্দেশিকা জারি করেনি। যদি মন্ত্রিসভায় এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, তাহলে সেটা জানানো হবে।”
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, সিএএ-র অধীনে যে সব বিদেশি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালের আগে ভারতে এসেছেন, তাঁরা এমনিতেই সুরক্ষা পান। এজন্য আলাদা করে আইনের প্রয়োজন পড়বে না। ওয়াকিবহাল মহল মনে করছে, হিমন্ত বিশ্ব শর্মা কৌশলে বুঝিয়ে দিয়েছেন যে ২০১৪ সালের পরে যেসব অমুসলিম ভারতে এসেছেন, তারাও মামলার আওতায় পড়বেন। এই মন্তব্যের ফলে সিএএ এবং অনুপ্রবেশকারী ইস্যুতে রাজনৈতিক বিতর্ক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।