শিশুদের আধার কার্ড বানাতে ঘাম ছুটছে পরিবারের! বার বার বাতিল অনুরোধ, সমস্যায় ডেবরার ৫০টি পরিবার

ডিজিটাল জন্ম শংসাপত্র ছাড়া আধার কার্ড তৈরি করা যাচ্ছে না। এই কারণে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের দলবতিপুর এলাকার প্রায় ৫০টি পরিবার চরম বিপাকে পড়েছে। আধার কার্ড না থাকায় তাঁদের শিশুদের স্কুলে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা—কোনো কাজই হচ্ছে না। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চুপ থাকলেও, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।

ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট নিয়ে সমস্যা
অভিযোগ উঠেছে, আজ থেকে ৭-৮ বছর আগে যারা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে জন্মগ্রহণ করেছিল, তাদের ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। বর্তমানে সেই সার্টিফিকেট দিয়ে আধার কার্ড করতে গেলে তা বারবার বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের কাছে ডিজিটাল সার্টিফিকেট আছে, তাদের বাচ্চাদের আধার কার্ড সহজেই হয়ে যাচ্ছে।

আধার সেন্টারের কর্মীরা জানান, রাজ্য সরকারের পোর্টালে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট আপলোড করলে তা বারবার ‘রিজেক্ট’ হচ্ছে, তাই তারা ম্যানুয়াল সার্টিফিকেট নেওয়া বন্ধ করে দিয়েছেন। তারা আরও জানান, বিভিন্ন হাসপাতাল এখন ডিজিটাল সার্টিফিকেট দিলেও ডেবরা গ্রামীণ হাসপাতাল তা দিচ্ছে না।

কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন
এই বিষয়ে ডেবরা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এইভাবে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট দেখে ডিজিটাল সার্টিফিকেট দেওয়ার কোনো অর্ডার আমাদের কাছে নেই। এই বিষয়ে আমরা কিছু বলতে পারব না।”

তবে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, “এই বিষয়টি আমি আপনাদের কাছ থেকে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখছি কী করা যায়।” এই পরিস্থিতিতে পরিবারগুলি তাদের বাচ্চাদের আধার কার্ড বানানো নিয়ে তীব্র সমস্যায় পড়েছে।