ট্রাম্পের শুল্কচাপের মুখে ভারত, কঠিন সময়ে বন্ধু ইসরায়েলের পাশে থাকার বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে ভারত যখন কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে রয়েছে, তখন ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ইসরায়েলের অবস্থান বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জেপি সিং। এই বৈঠককে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

‘দ্য টাইমস অফ ইসরায়েল’ এর প্রতিবেদন অনুযায়ী, জেপি সিং নেতানিয়াহুর কার্যালয়ে গিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। জেপি সিং, যিনি ‘ডিপ্লোম্যাট’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অনুপ্রেরণা, তিনি একজন তুখোড় কূটনীতিক হিসেবে পরিচিত। তার এই সাক্ষাৎ ট্রাম্পের শুল্ক ইস্যুতে ভারতের কঠিন সময়ে ইসরায়েলের সমর্থন আদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের শুল্ক নীতির কারণে ভারত ও আমেরিকার সম্পর্কের টানাপোড়েন চললেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারত ও আমেরিকার মধ্যেকার সম্পর্ককে ‘দুই দুর্দান্ত বন্ধুর মধ্যে অনেক মিল রয়েছে’ বলে বর্ণনা করেছেন। তিনি ভারতের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি এমন একটি দেশ যা ‘এশিয়ায় আলাদারকমের’। এর মাধ্যমে তিনি দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখার একটি কূটনৈতিক বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, ইসরায়েল হলো ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশগুলির মধ্যে অন্যতম। একই সময়ে ইসরায়েল ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে এবং ট্রাম্প সরকারের সঙ্গে মিলে ইরানেও হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে ভারত-আমেরিকা সম্পর্কের নিরিখে ইসরায়েলের এই অবস্থান বিশ্ব কূটনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।