জাল নোট নিয়ে ধরা পড়ে, ছুরি নিয়ে ব্যবসায়ীর উপর হামলা যুবকের, গ্রেফতার ১

শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের হায়দরপাড়া সংলগ্ন ঘুগনি মোড় এলাকায় জাল নোট ভাঙানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এক দুষ্কৃতী এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই ভক্তিনগর থানার পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীরজ ঠাকুরি নামে এক ব্যক্তি বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ী প্রিয়াংশু পালের দোকানে গিয়ে ১০০ টাকার একটি জাল নোট ভাঙানোর চেষ্টা করে। প্রিয়াংশুবাবু নোটটি পরীক্ষা করে জাল বুঝতে পারেন এবং দেখেন যে অভিযুক্তের কাছে মোট পাঁচ হাজার টাকার জাল নোট রয়েছে। তিনি নীরজকে নোটগুলি ছিঁড়ে ফেলতে বললে, অভিযুক্ত হঠাৎই তাঁর ওপর ছুরি নিয়ে হামলা করে। গুরুতর আহত অবস্থায় প্রিয়াংশু পালকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় ব্যবসায়ীরা এবং এলাকাবাসীরা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভক্তিনগর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নীরজ ছেত্রী ঠাকুরকে আটক করা হয়েছে।