ট্রাম্পের শুল্ক বৃদ্ধি, কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে কেন্দ্রকে নিশানা অভিষেকের

ভারতের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের জেরে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে এই ‘কূটনৈতিক ব্যর্থতার’ জন্য দায়ী করেছেন।

অভিষেক বলেন, “ডোনাল্ড ট্রাম্প নিয়ে যে প্রশ্ন রয়েছে, সে প্রশ্ন তাঁদেরকেই করা উচিত, যাঁদের ছবি রয়েছে ট্রাম্পের সঙ্গে। যাঁরা ট্রাম্পের হয়ে ২০১৯ সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিলেন, তাঁদের প্রশ্ন করা উচিত।” এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ২০১৯ সালে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতির এবং দুই নেতার পারস্পরিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করেছেন।

৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের অর্থনীতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিষেক। তিনি বলেন, “আইটি, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল সংক্রান্ত পণ্যদ্রব্য, পরিষেবায় সার্বিক প্রভাব পড়বে। কর্মসংস্থান কমবে। ভারতের অর্থনীতিতে প্রভাব পড়বে।” তিনি মনে করেন, এটি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক ব্যর্থতা এবং দেশের উচিত এর মোকাবিলা করা।

তবে, অভিষেকের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেস যে আমেরিকার দালাল হয়ে গিয়েছে, তা জানতাম না। ট্রাম্পের হয়ে দালালি করছেন।” তিনি আরও বলেন, দেশের মানুষকে কম দামে পেট্রল-ডিজেল দেওয়ার জন্য রাশিয়া থেকে তেল নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনড় থাকার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ট্রাম্প তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতকে ট্যাগ করে ৫০ শতাংশ শুল্কের কথা জানান। এর আগে তিনি ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যা এখন আরও ২৫ শতাংশ বাড়িয়ে মোট ৫০ শতাংশ করা হয়েছে।