মণিপুরের মেয়ে, দেশের গর্ব, মোদীর এসপিজি দলে প্রথম মহিলা সদস্য আদাসো কাপেসা

ব্রিটেনের মাটিতে বিমান থেকে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঠিক পিছনেই কালো স্যুটে এক মহিলা, যাঁর দৃঢ় চোয়াল ও স্থির দৃষ্টি মুহূর্তে সবার নজর কেড়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাওয়া সেই মহিলা আর কেউ নন, তিনি আদাসো কাপেসা। মণিপুরের সেনাপতি জেলার কাইবি গ্রামের এক সাধারণ মেয়ে, যিনি এখন দেশের গর্ব।

আদাসো কাপেসা ভারতের কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ‘সশস্ত্র সীমা বল’ (এসএসবি)-এর সদস্য। তিনি প্রথম মহিলা, যিনি প্রধানমন্ত্রীর বিশেষ সুরক্ষা বাহিনী ‘এসপিজি’ (স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ)-তে যোগ দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গী হয়েছেন। পুরুষ সদস্যদের প্রাধান্য থাকা এসপিজি-তে তাঁর অন্তর্ভুক্তি এক নতুন ইতিহাস তৈরি করেছে।

মণিপুরের প্রত্যন্ত গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম হলেও, অভাব ও প্রতিকূলতাকে জয় করে তিনি কঠিন পরিশ্রমের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে যোগ দেন। এসপিজি-তে যোগদানের জন্য প্রয়োজন হয় অত্যন্ত কঠোর কমান্ডো প্রশিক্ষণ, যেখানে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অপরিহার্য। প্রশিক্ষণের সময় কাপেসার দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাঁকে এসপিজি-র জন্য নির্বাচিত করা হয়।

কাপেসার এই সাফল্য শুধু মণিপুরের জন্যই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের জন্য এক গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে উত্তর-পূর্বের বাসিন্দারা মূল ভূখণ্ডের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলে, সেই প্রথাগত অভিযোগকে এবার ভেঙে দিয়েছেন মোদী। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, কাপেসার এসপিজি-তে যোগদান দেশের অন্যান্য মহিলাদের জন্যও এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা তাঁদেরকেও এমন এলিট বাহিনীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করবে।