ট্রাম্পের ‘মৃত অর্থনীতি’তেই ফুলেফেঁপে উঠেছে তাঁর ব্যবসা,

ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করলেও, সেই ‘মৃত’ অর্থনীতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। আমেরিকার পরেই ভারত তাঁর সংস্থার জন্য দ্বিতীয় বৃহত্তম বাজার। অনুসন্ধানে জানা গেছে, শূন্য বিনিয়োগে কোটি কোটি টাকা মুনাফা করছে দ্য ট্রাম্প অর্গানাইজেশন।
ট্রাম্প একজন সফল ব্যবসায়ী, যাঁর মূল ব্যবসা রিয়েল এস্টেট এবং হোটেল শিল্পে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে ভারতে প্রবেশ করার পর থেকে ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসা তিন মিলিয়ন বর্গফুট থেকে প্রায় চারগুণ বেড়ে ১১ মিলিয়ন বর্গফুটে পৌঁছেছে। শুধু লাইসেন্সিং ফি বাবদই ভারত থেকে তাঁর সংস্থা ১৭৫ কোটি টাকা আয় করেছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই বিশাল মুনাফার পেছনে ট্রাম্পের কোনো বিনিয়োগ নেই। ‘ব্র্যান্ড লাইসেন্সিং মডেল’-এর মাধ্যমে ভারতে কাজ করে দ্য ট্রাম্প অর্গানাইজেশন। এর অর্থ, ভারতের নির্মাণকারী সংস্থাগুলিই বিলাসবহুল বাড়ি বা রিয়েল এস্টেট প্রকল্পগুলি তৈরি করে। ট্রাম্পের সংস্থা কেবল তাদের ‘ট্রাম্প’ নামটি ব্যবহারের অনুমতি দেয় এবং তার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা পায়। নির্মাণ, প্রচার, এবং বিনিয়োগ—সব দায়িত্বই ভারতীয় সংস্থার।
ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের প্রধান অংশীদারদের মধ্যে রয়েছে ট্রিবেকা, লোধা গ্রুপ, পঞ্চশীল রিয়েলটি, এম৩এম গ্রুপ এবং ইউনিমার্ক। কলকাতাতেও বাইপাসের ওপর একটি ট্রাম্প টাওয়ার তৈরি হচ্ছে, যার কাজ ২০২৬ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। বর্তমানে মুম্বই, পুণে, গুরুগ্রাম এবং কলকাতায় ট্রাম্প টাওয়ার রয়েছে। এছাড়াও নয়ডা, হায়দরাবাদ, এবং বেঙ্গালুরুতে ছয়টি নতুন প্রকল্পের কাজ চলছে। ট্রিবেকার তথ্য অনুসারে, ট্রাম্প ব্র্যান্ডের ব্যবসা ভারতে ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, গত আট মাসে ভারতে ট্রাম্প ব্র্যান্ডের ব্যবসা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।