টানা পাঁচ বছর বেতন নিচ্ছেন না মুকেশ অম্বানি, সন্তানদের বেতন ও কমিশন কোটি কোটি টাকা

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি টানা পাঁচ বছর ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার সংস্থার প্রকাশিত বার্ষিক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। করোনা মহামারীর সময় থেকে তিনি স্বেচ্ছায় তাঁর বেতন এবং অন্যান্য আর্থিক সুবিধা নেওয়া বন্ধ করে দিয়েছেন।

সংস্থা জানিয়েছে, ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর মুকেশ অম্বানি বেতন হিসেবে ১৫ কোটি টাকা করে নিতেন। কিন্তু গত পাঁচ বছর ধরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি কর্মীদের প্রতি দায়বদ্ধতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তবে, তাঁর তিন সন্তান— ইশা, আকাশ এবং অনন্ত অম্বানি— বিনা বেতনে কাজ করার পথে হাঁটেননি। ইকনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যখন তারা রিলায়েন্সের বোর্ড অব ডিরেক্টরের ‘নন এক্সিকিউটিভ ডিরেক্টর’ হিসেবে যোগ দেন, তখন শুধুমাত্র বোর্ডের সদস্য হওয়ার জন্যই প্রত্যেকে ৬ লক্ষ টাকা করে নিয়েছেন। শুধু তাই নয়, শেষ অর্থবর্ষে ওই বোর্ডের সদস্য হিসেবে তারা প্রত্যেকে ২.২৫ কোটি টাকা বার্ষিক কমিশনও নিয়েছেন।

মুকেশ অম্বানির বেতন না নেওয়ার সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এল, যখন দেশের আরেক শিল্পগোষ্ঠী আদানি গ্রুপও তাদের কর্ণধার গৌতম আদানির কম বেতন নেওয়ার তথ্য প্রকাশ করে। শেষ অর্থবর্ষে গৌতম আদানি মোট ১০.৪১ কোটি টাকা বেতন নিয়েছেন, যা তাঁর সংস্থার অন্যান্য শীর্ষ আধিকারিকদের তুলনায় কম। যেমন, আদানির গ্রিন এনার্জি সংস্থার এমডি বিনীত এস জৈন বছরে ১১ কোটি টাকা এবং সংস্থার সিএফও বছরে ১০.৪ কোটি টাকা বেতন পান।