ক্যারাটেতে জাতীয় স্তরে বাজিমাত বাংলার ছেলে মাহিরের, জিতলেন সোনা-রূপো!

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতায় দুটি পদক জিতে জাতীয় স্তরে বাংলার নাম উজ্জ্বল করেছে মুর্শিদাবাদের লালগোলা জেমস ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র মাহির ইসলাম। ২৬ জুলাই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সে একটি সোনা এবং একটি রুপোর পদক জিতেছেন। বাড়ি ফেরার পর থেকে তার পরিবার, স্কুল এবং এলাকায় আনন্দের ঢেউ বয়ে চলেছে।

এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও নেপাল, ভুটান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিল। সেই আন্তর্জাতিক মানের মঞ্চে মাহির তার অসাধারণ ক্যারাটে দক্ষতা দেখিয়ে সবাইকে পেছনে ফেলে দেয়।

খেলাধুলার গুরুত্ব নিয়ে মাহিরের পরিবারের বার্তা
মাহিরের পরিবার জানিয়েছে, ছোট থেকেই আত্মরক্ষার জন্য সে ক্যারাটে প্রশিক্ষণ নিত। বর্তমান যুগে মোবাইল ফোনের প্রতি আসক্তি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। তারা মনে করে, ক্যারাটে বা মার্শাল আর্টের মতো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে শিশুদের আত্মবিশ্বাস বাড়ে এবং তাদের সামনে একটি লক্ষ্য থাকে। এটি আত্মরক্ষার জন্যও অত্যন্ত কার্যকর।

স্কুলে সংবর্ধনা ও ক্যারাটে প্রশিক্ষণের উদ্যোগ
মাহিরের এই সাফল্যের পর তার স্কুল, জেমস ইংলিশ মিডিয়াম কনভেন্ট, তাকে সংবর্ধনা দিয়েছে। স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে, এই সাফল্য অন্যান্য ছাত্র-ছাত্রীদের ক্যারাটের প্রতি আগ্রহী করে তুলবে। এর মাধ্যমে বর্তমান সমাজে আত্মরক্ষার জন্য ক্যারাটের গুরুত্ব সম্পর্কেও পড়ুয়াদের সচেতন করা হচ্ছে।