দিঘা জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা খারিজ, নতুন করে আবেদনের পরামর্শ হাইকোর্টের! মুখ পুড়ল BJP নেতা-আইনজীবীর

দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ সংক্রান্ত জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তবে, আদালত মামলাকারীকে উপযুক্ত তথ্য-প্রমাণ সহ নতুন করে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।
আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তুভ বাগচী এই মন্দির নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। শুনানির সময় তিনি অতিরিক্ত হলফনামা জমা দিতে চাইলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তাতে আপত্তি জানান। তিনি বলেন, মামলার মাঝখানে এভাবে অতিরিক্ত হলফনামা পেশ করার পদ্ধতি সঠিক নয়। এরপরই আদালত মামলাটি খারিজ করে দিয়ে নতুন করে মামলা দায়ের করার পরামর্শ দেয়।
মামলার মূল বিষয়বস্তু
মামলাকারী কৌস্তুভ বাগচী তার আবেদনে প্রশ্ন তুলেছিলেন যে, একটি সরকারি সংস্থা কি মন্দির নির্মাণ করতে পারে? তার অভিযোগ ছিল, দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টে অনুদান দিলে হিডকো (HIDCO)-র অফিসের ঠিকানা দেখানো হচ্ছে। এছাড়াও, অনুদানের ক্ষেত্রে আয়কর ছাড়ের কথা বলা হচ্ছে, যা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। এই সমস্ত বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়ে তিনি হাইকোর্টে মামলা করেছিলেন।
আদালত প্রাথমিকভাবে মামলা দায়েরের অনুমতি দিলেও, এবার সেই মামলাটি খারিজ করে দিল। তবে, নতুন করে আবেদন করার সুযোগ দেওয়ায় এটি এখনও আলোচনার বিষয় হয়ে রইল।